বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
‘সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে বেলকুচি থানা চত্বরে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এই ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, "বাংলাদেশ আবহমানকাল ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সমাজে শান্তি, শৃঙ্খলা ও সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার পবিত্র দায়িত্ব।" উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে জেলা পুলিশ ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন, পুলিশ প্রশাসন কেবল আইন-শৃঙ্খলা রক্ষার্থেই নয়, সমাজে সব ধর্মের মানুষের সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। উগ্রবাদ ও গুজবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
সমাবেশ শেষে বেলকুচি থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘সর্বধর্মীয় সম্প্রীতি র্যালি’ বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—বেলকুচি উপজেলার সহকারী কমিশনার ইশরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনী আমিন, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বক্তারা সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে নিয়মিত এমন সম্প্রীতি সমাবেশের আয়োজনের তাগিদ দেন।
