শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)। শুভ মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন শুভ ও ওমর। বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই শুভ মারা যান। গুরুতর আহত ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতদের স্বজনরা জানান, শুভ ও ওমর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পড়াশোনার পাশাপাশি তারা স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। নতুন মোটরসাইকেল কিনতে বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বারৈয়ারহাট বাজারে গিয়েছিলেন শুভ। কিন্তু মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, বড়তাকিয়ায় অর্থনৈতিক অঞ্চল সড়কের গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।