Up next

রূপগঞ্জে মুড়াপাড়া স্কুলের ১২৫তম বর্ষপূর্তিতে চাঁদের হাট

5 Views· 13/06/26
Shahidul islam Sharif
Shahidul islam Sharif
Subscribers
0

⁣১২৫ বছরের গৌরবময় ইতিহাস, শত প্রাণের আকুতি আর বাঁধভাঙা উচ্ছ্বাসে সম্পন্ন হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া পাইলট মডেল হাই স্কুলের ১২৫তম বর্ষপূর্তি উৎসব। ১২ জুন, শুক্রবার রূপগঞ্জ উপজেলা সদরের ঐতিহাসিক মুড়াপাড়া জমিদার বাড়ি সংলগ্ন ৩৩ বিঘার সবুজ ক্যাম্পাসে বসেছিল নবীন-প্রবীণ শিক্ষার্থীদের এক মহা মিলনমেলা।
‘এসো মিলি হৃদয়ের টানে’ এবং ‘১২৫তম বর্ষে শত প্রাণ, বাজুক মনে ঐকতান’-এই দ্বৈত স্লোগানকে ধারণ করে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই উৎসব রূপ নেয় এক উৎসবমুখর আনন্দ-যজ্ঞে, যা চলে গভীর রাত পর্যন্ত। পাঁচ সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ, আম বাগিচা ও আশপাশের এলাকা।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল প্রিয় শিক্ষকদের সান্নিধ্য পাওয়া এবং বহু বছর পর সহপাঠীদের মুখোমুখি হওয়া। প্রবীণ শিক্ষার্থীদের কেউ কেউ এসেছেন জীবনসঙ্গী, সন্তান, এমনকি নাতি-পুতিদের নিয়ে। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরেন একে অপরকে, মেতে ওঠেন স্মৃতিকাতর আড্ডায়। মাঠের এক কোণে স্থাপিত ফটোবুথ, প্রাকৃতিক সবুজ ক্যাম্পাস আর তোরণগুলোর সামনে দিনভর চলেছে ব্যাচভিত্তিক ছবি তোলা আর সেলফি নেয়ার ধুম।
সকাল ১০টায় গুণিজনদের উত্তরীয় পরানো এবং জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আকাশে ওড়ানো হয় ১২৫টি রঙিন বেলুন এবং অবমুক্ত করা হয় শান্তির প্রতীক কবুতর।
প্রতিষ্ঠানের ঐতিহ্য তুলে ধরে ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন জানান, ১৯০১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ দীর্ঘ এক শতাব্দী ধরে জ্ঞানের আলো ছড়াচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাতাত্ত্বিক ডক্টর কাজী দীন মুহাম্মদ এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এছাড়া দেশের প্রথম সেনাপ্রধান ও ৩ নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে, এম সফিউল্লাহ (বীর উত্তম) সহ বহু দেশবরেণ্য ব্যক্তিত্ব এই স্কুলেরই প্রাক্তন ছাত্র।
বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির আহ্বায়ক, ১৯৬৯ ব্যাচের শিক্ষার্থী ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজে মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন। তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষার পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
"একটি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ বছর পার করা শুধু সময়ের পরিমাপ নয়, এটি একটি দীর্ঘ সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের প্রতিফলন। কে কোন পেশায় আছেন তা বড়ো কথা নয়, সমাজ গঠনে নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে জরুরি।"
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।
এছাড়াও রুপালি ব্যাংকের এমডি কাজী ওয়াহিদুল ইসলাম, সরকারি মুড়াপাড়া পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু শংকর চক্রবর্তী, উদ্‌যাপন কমিটির ট্রেজারার আল-আমিন সরকার সহ স্থানীয় প্রশাসন, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ সভায় অংশ নেন। এ সময় প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। স্মরণিকা হিসেবে প্রকাশ করা হয় বিশেষ স্মারকগ্রন্থ ‘কালের যাত্রার ধ্বনি’।
বিকেলের পর থেকেই শুরু হয় উৎসবের দ্বিতীয় ভাগ। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, জাদু প্রদর্শনী ও আবৃত্তির পর শুরু হয় বহুল কাঙ্ক্ষিত লাইভ কনসার্ট। নামি ব্যান্ডের পরিবেশনায় মেতে ওঠে হাজারো দর্শক। সবশেষে রাতের আকাশে বর্ণিল আতশবাজির ঝলকানি এবং উপস্থিত সবার করতালির মধ্য দিয়ে শেষ হয় রূপগঞ্জের ইতিহাসের অন্যতম সেরা এই মিলনমেলা।

Show more

 0 Comments sort   Sort By


Up next