বগুড়ায় এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া ৬০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব, নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও মানবিক মূল্যবোধ নিয়ে নানা অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ আগস্ট) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে স্বপ্নপূরণ স্কুল ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বগুড়া যৌথভাবে এ আয়োজন করে। এতে কারিগরি সহযোগিতা দেয় সমষ্টি।
অনুষ্ঠানের উদ্বোধন ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন আরডিএ বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার, দক্ষতা ও নেতৃত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামান (রনি)-এর সঞ্চালনায় ‘ভবিষ্যতের শিক্ষা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে এবং ৬০০ কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0