সিরাজগঞ্জে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের জেনারুল ইসলামের ছেলে সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে সোহেল রানা এবং বিদিরপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে আরিফুল ইসলাম সাগর।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার জানান, রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে আরিফুল ইসলাম সাগর আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ জানতে পারে, রাজশাহী থেকে একটি ট্রাকে করে হেরোইন ঢাকার দিকে নেওয়া হচ্ছে। পরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় র্যাব।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে সেটি আটক করেন। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সেজবুল ইসলাম, সোহেল রানা ও আরিফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করা হয়।
পরে র্যাবের ডিএডি সোলাইমান হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।