-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ৪ কোটি ৩৪ লাখ টাকার সম্পদের তথ্য সামনে এসেছে।
-
'জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের' মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ এবং তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়ার পর থেকেই দেশজুড়ে তার সম্পদের পরিমাণ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন, যেখানে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে থাকা সকল সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার কথা বলা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) হলফনামা অনুযায়ী, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রার্থী হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোট সম্পদের অর্থমূল্য ৪ কোটি ৩৪ লাখ টাকা। ইসিতে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, তার অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা জমা ছিল। এছাড়া ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৫৫ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) ছিল।
স্থাবর সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হলো ১৫ দশমিক ৩ বিঘা কৃষি জমি, যার অর্জনকালীন মূল্য ৬ লাখ ৭৮ হাজার টাকা, যা গোপালগঞ্জ, গাজীপুর ও রংপুরে অবস্থিত। এছাড়াও, ঢাকার পূর্বাচলে ৩৪ লাখ ৭৬ হাজার টাকার একটি প্লট এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনতলা ভবনসহ ৬ দশমিক ১০ শতক (আংশিক) জমির মালিকানা রয়েছে, যার অর্জনকালীন মূল্য ৫ লাখ টাকা। ব্যক্তিগত সম্পদের মধ্যে ১৩ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণসহ মূল্যবান ধাতু এবং উপহার থেকে পাওয়া তিনটি মোটরগাড়িও তিনি হলফনামায় উল্লেখ করেছিলেন। ট্রাইব্যুনালের এই নির্দেশের ফলে এখন এসব সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হবে।
হাসিনা ও কামালের মোট সম্পদ কত?
Приложение «Eye News BD»
Комментарии 0