বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কুমিল্লায় কোটি টাকার চোরাচালান জব্দ করল বিজিবি
বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কুমিল্লায় কোটি টাকার চোরাচালান জব্দ করল বিজিবি
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ফেনী জেলার ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাজি, চকলেট ও জিলেট ব্লেড আটক করেছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ ৮০ হাজার ৯২০ টাকা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর দুপুরে সোনাপুর বিওপি-এর একটি বিশেষ টহল দল ফুলগাজী উপজেলার মনতলা কবরস্থান এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
সীমান্তের মাত্র ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে বিজিবি টহল দল অবৈধভাবে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, বিভিন্ন ধরণের চকলেট, ললিপপ ও বাজি উদ্ধার করে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত এসব চোরাচালানি মালামাল প্রচলিত নিয়ম ও বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
