৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল | আই নিউজ বিডি

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল
৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল
ছবি: সংগৃহীত
****

গাজীপুরের শ্রীপুরে ৪৭ বছর বয়সে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমিনুল ইসলাম নামে এক ইউপি সদস্য। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ ৪.৬৩ পেয়েছেন।

আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের তুরাব আলীর ছেলে। ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি।

আমিনুল ইসলাম জানান, এসএসসি পাসের পর জীবন ও জীবিকার তাগিদে আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাওনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হন।

জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় শিক্ষার গুরুত্ব ও নিজের শিক্ষাগত যোগ্যতার ঘাটতি উপলব্ধি করেন তিনি। সেই ইচ্ছা থেকেই ২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর সংসার, ব্যক্তিগত কাজ ও জনপ্রতিনিধির দায়িত্ব সামলে আবার পড়াশোনা শুরু করেন।

তিনি বলেন, ‘সারাদিনের ব্যস্ত সময় পার করে রাতে বই নিয়ে পড়তে বসতাম। শিক্ষার কোনো বয়স নেই। আমি চাই, যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তারা আমার এই অর্জন দেখে নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পান। জনসেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও যে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি।’

সুযোগ পেলে আগামীতে স্নাতক পর্যায়েও ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান আমিনুল।

মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, এটি শুধু আমিনুল ইসলামের অর্জন নয়, পুরো ইউনিয়ন পরিষদের জন্য গর্বের বিষয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, ৪৭ বছর বয়সে পড়াশোনা করে ভালো ফলাফল করা নিঃসন্দেহে প্রশংসনীয়। বর্তমান সমাজের জন্য এটি একটি দৃষ্টান্ত।

Walang nakitang komento


News Card Generator