হুইপ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে সড়ক অবরোধ | আই নিউজ বিডি

হুইপ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে সড়ক অবরোধ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
হুইপ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে সড়ক অবরোধ..
হুইপ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে সড়ক অবরোধ..
ছবি: সংগৃহীত
****

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সড়ক অবরোধ করেন তাঁরা।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

বক্তারা আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং হুইপ অপুর পরিকল্পনা অনুযায়ী ডামুড্যা উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাধাগ্রস্ত করতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন মুন্সি ষড়যন্ত্র করছেন বলেও দাবি করেন তাঁরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। তাঁরা বিষয়টি তদন্ত করে মাহবুব মোর্শেদ টিপু মাদবর ও লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কার এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানান।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালুর কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দেন নেতাকর্মীরা। তিনি বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, গত ২৯ অক্টোবর ভাইরাল হওয়া অডিওতে তাঁদের নেতা হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। এর প্রতিবাদে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে টিপু মাদবরকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

তিনি আরও বলেন, কর্মসূচির প্রথম দিনে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও জেলা বিএনপির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator