ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, ভালুকার ব্যবসায়ী নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, ভালুকার ব্যবসায়ী নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, ভালুকার ব্যবসায়ী নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ..
ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, ভালুকার ব্যবসায়ী নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ..
ছবি: সংগৃহীত
****

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশের পর সাথী আক্তার নামে এক নারী ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাতে বিষয়টি নিশ্চিত করেন আদালতের পরিদর্শক মোহা. মোস্তাছিনুর রহমান।

কারাগারে পাঠানো সাথী আক্তারের বয়স ৩০ বছর। তিনি ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তাঁর বাবার নাম আমজাদ আলী।

চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রকাশ করেন সাথী আক্তার। প্রায় পাঁচ মিনিটের ভিডিওগুলোতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

যা বলছে পুলিশ

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পুলিশ ফেসবুক লাইভের পুরো ভিডিও পর্যালোচনা করেছে। সেখানে সরকারবিরোধী বক্তব্য বা সরকারের সমালোচনামূলক কিছু পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, পুরো ভিডিও না দেখে গুজবের ভিত্তিতেই ঘটনার সূত্রপাত হয়েছে।

ওসি আরও জানান, ভিডিও প্রকাশের পর মার্কেটের কয়েকজন ব্যবসায়ী সাথী আক্তারের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের সঙ্গে তাঁর মারমুখী আচরণের অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে মামলা করার মতো কোনো আলামত পাওয়া যায়নি।

সূত্র: সমকাল

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ | নিজস্ব প্রতিবেদক

Geen reacties gevonden


News Card Generator