ইসলামী বক্তা জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ ও খোঁজখবর না নেওয়ার অভিযোগ উঠেছে। তার বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ নিজেই এক ভিডিও সাক্ষাৎকারে ছেলের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
সোমবার (২৬ অক্টোবর) রাতে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত ওই সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে নিজের কষ্টের কথা তুলে ধরেন হেদায়েতুল্লাহ। তিনি অভিযোগ করেন, অসুস্থ অবস্থায় ছেলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েও পাননি। এমনকি ছেলে তার খোঁজখবরও রাখেন না।
হেদায়েতুল্লাহ বলেন, অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন এবং হাফেজ ও মাওলানা বানিয়েছেন। ছোটবেলায় ছেলের শারীরিক অসুস্থতার সময় চিকিৎসার জন্য মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ঢাকা, ময়মনসিংহ ও মির্জাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন বলেও জানান তিনি।
নিজের অসুস্থতার সময় ছেলের কাছে টাকা চেয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, ছেলে জমি কেনার কথা বলে টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে অন্যদের সহযোগিতায় চিকিৎসা করালেও এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পারার কষ্ট প্রকাশ করে হেদায়েতুল্লাহ বলেন, ছেলেকে বারবার ফোন করেও সাড়া পান না। ছেলের সহযোগীর সঙ্গেও যোগাযোগ করেছেন, কিন্তু আর্থিক সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া ছেলের কথায় মসজিদের ইমামতির চাকরি ছেড়ে দেওয়ার পরও প্রতিশ্রুতি অনুযায়ী মাসিক ১০ হাজার টাকা পাননি বলে দাবি করেন হেদায়েতুল্লাহ। তার ভাষ্য অনুযায়ী, ছেলে চেয়ারম্যান পদে দাঁড়ানোর আগে ক্ষমা চাইলে তিনি তাকে ক্ষমা করে দেন। পরে ছেলের পরামর্শে চাকরি ছেড়ে দেন।
কোরবানির ঈদের একটি ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। তার অভিযোগ, ছেলে এলাকায় কোরবানি দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত তাকে কোরবানির গোশত দেওয়া হয়নি।
তবে বাবার এসব অভিযোগের বিষয়ে জুবায়ের আহমাদ তাশরীফের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: কালবেলা