বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে দুই দফা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়ার জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম কাহালু উপজেলার আড়োয়া আবাসন এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ মার্চ ছয় ও সাত বছর বয়সী দুই শিশুকে কৌশলে ধর্ষণ করেন নুর ইসলাম। এ ঘটনায় কাহালু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
মামলার বিচার শেষে আদালত দুই শিশুকে ধর্ষণের পৃথক অভিযোগে নুর ইসলামকে দুই দফা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রতিটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, একটি যাবজ্জীবন সাজা শেষ হওয়ার পর অপর সাজা কার্যকর হবে। জরিমানার অর্থ দুই ভুক্তভোগী শিশুর মায়ের কাছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।