নাগরিক সেবায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের আইনগত পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট তৈরি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তি থেকে শুরু করে বিভিন্ন জরুরি নাগরিক সেবা গ্রহণে জন্মনিবন্ধন অপরিহার্য। একইভাবে উত্তরাধিকার নির্ধারণ, বিমা দাবি, জমিজমা সংক্রান্ত কাজ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে মৃত্যু নিবন্ধনের গুরুত্ব অপরিসীম।
নিবন্ধনে নানা চ্যালেঞ্জ ও নাগরিক ভোগান্তি সারাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম এগিয়ে চললেও নির্ভুল নিবন্ধন নিশ্চিত করতে এখনো নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে, পুরোনো জন্মনিবন্ধনে বাংলা ও ইংরেজি নামের বানান ভুল, অদ্ভুত শব্দ কিংবা অসম্পূর্ণ তথ্য থাকার অভিযোগ করছেন সাধারণ নাগরিকরা। এসব ভুলের কারণে পরবর্তীতে জন্মনিবন্ধন সংশোধন করতে গিয়ে প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের।
দিবসের কর্মসূচি জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা এবং বিশেষ জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—নাগরিকদের সময়মতো সঠিক তথ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সচেতন ও উৎসাহিত করা।