উপজেলার কুমারখাতা ইউনিয়নের মনতলা বাজারে ২৯ জুলাই (বুধবার) সাড়ে এগারোটার দিকে হোটেল ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নান নামের এক পথচারীকে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ওই বাজারের হোটেল ব্যবসায়ী মান্নান গুরুতর আহত হন। স্থানীয়রা আহত মান্নানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বতর্মানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,ময়মনসিংহগামী একটি দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় মনতলা বাজারের হোটেল ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নান গুরুতর আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে রাস্তায় গাছ ফেলে আধাঘন্টা অবরোধ করে রাখেন। এতে করে ময়মনসিংহ-মুক্তাগাছা-টাঙ্গাইল- জামালপুর মহাসড়ক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসে উপস্থিত জনতা এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পালিয়ে যাওয়া প্রাইভেটকার এবং তার ড্রাইভারকে দ্রুত আটকের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা তাদের অবরোধ তুলে নেয়। প্রায় আধাঘন্টা পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
একজন প্রত্যক্ষদর্শী সোলায়মান জানান,ব্যবসায়ী মান্নান রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে সজোরে পালিয়ে যায়। লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। গাড়ির নাম্বারটা অস্পষ্ট ছিল বলে পড়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান,সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বতর্মানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে প্রাইভেটকারটি আটকের চেষ্টা করা হচ্ছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0