নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদসহ এনামুল হোসাইন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্যামগঞ্জ-জারিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার এনামুল হোসাইন দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের মো. সামছুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়ার নেতৃত্বে মহাসড়কে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় কলমাকান্দা থেকে ছেড়ে আসা ‘সুখ সালমান’ নামের একটি যাত্রীবাহী বাসে সন্দেহজনক তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশির একপর্যায়ে চালভর্তি সাদা বস্তার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই এনামুল হোসাইনকে আটক করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার হওয়া মদ জব্দ করা হয়েছে এবং আটক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গভীর রাতে বাসে তল্লাশি, ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ,আটক ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
कोई टिप्पणी नहीं मिली