কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র  নিহত
কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র  নিহত
ছবি: সংগৃহীত
নিহত ছাত্রের নাম আবু সুফিয়ান

সড়কে মৃত্যু যেন নিত্যদিনের ব্যাপার। বেপরোয়া যানবাহনের গতি, অদক্ষ চালক, আইন না মানার প্রবণতা আর দুর্বল নজরদারির কারণে প্রতিদিনই ঝরে যাচ্ছে প্রাণ। আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সুফিয়ান আরমান (১৮) নামে এক বাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী আকিব হোসেন (১৬)।
মঙ্গলবার (রাত ৯টা ১৫ মিনিটে) উপজেলার কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা কদমতলী চারা বটতল তক্তার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী কাপ্তাই থেকে ছেড়ে আসা দ্রুতগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ভ-১৪-৪৪০২) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইক চালক হাফেজ আবু সুফিয়ান আরমান মারা যান। গুরুতর আহত অবস্থায় আরোহী আকিব হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আরমান উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল ৭ নম্বর ওয়ার্ডের মো. কামাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন। আহত আকিব একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার ওসমান গনীর ছেলে এবং নবম শ্রেণির ছাত্র।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতকে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সচেতনতার অভাব ও শাস্তির ভয় না থাকায় সড়ক নিরাপত্তা আজ বড় প্রশ্নের মুখে। দুর্ঘটনা কমাতে কঠোর আইন প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator