সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। শনিবার (৬ ডিসেম্বর) ভোররাতে জেলার যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন— সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী গ্রামের শমসের আলীর ছেলে রেজাউল করিম, কুড়িগ্রামের ভুরঙ্গামারি উপজেলার মৃত নইমের ছেলে মামুন মিয়া এবং নূর হোসেনের ছেলে মাসুদ রানা।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান জানান, পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল কড্ডার মোড়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপভ্যান থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিগগিরই তাদের আদালতে পাঠানো হবে।