সিরাজগঞ্জের কামারখন্দে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আব্দুল মোমেন নামের বিএনপির এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ জরিমানা করা হয়। আব্দুল মোমেন ওই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও ওই নেতা কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে প্রচারণায় নামেন। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, ‘নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ থাকার কথা। কিন্তু ওই নেতা কয়েকজন নারীকে মাঠে নামিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে জরিমানা করি।
তিনি আরও বলেন, নির্বাচন আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালা ২৭ (গ) অনুযায়ী বিএনপির সভাপতির নামে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।



















