মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে শতকোটি টাকার মানহানির মামলা..

Juwel Hossain avatar   
Juwel Hossain
****

সিরাজগঞ্জে মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করার অভিযোগে এ মামলা করা হয়।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সম্প্রতি এক বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে তার ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি করা হয়েছে। বাদীপক্ষের দাবি, এ ধরনের বক্তব্য শুধু একজন ব্যক্তির মানহানিই নয়, বরং জনমনে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি করেছে।

বাদী অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বলেন, মন্ত্রী টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে দেওয়া বক্তব্যকে বিকৃত করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা জানান, দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে এবং প্রমাণসহ আদালতে উপস্থাপন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আদালত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।

এদিকে, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমাজ মন্ত্রীকে নিয়ে দেওয়া ওই বক্তব্যের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তারা অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

Walang nakitang komento


News Card Generator