close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

Nazrul Islam avatar   
Nazrul Islam
চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬:

দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিয়মিত টহলের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে ৭৪০ বস্তা সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত বোট এবং ১১ জন চোরাকারবারিকে আটক করেছে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় টহল জোরদার করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) টহলকালে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩১ নটিক্যাল মাইল দূরে একটি সন্দেহজনক বোট শনাক্ত করে। থামার সংকেত দেওয়া হলে বোটটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে ‘এফবি রুনা আক্তার’ নামের বোটটি আটক করা হয়।

তল্লাশিতে বোটটির ভেতর থেকে ৭৪০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয় এবং চোরাকারবারি দলের ১১ জন সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, বোটটি গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৪টায় চট্টগ্রামের ফিশারিঘাট থেকে যাত্রা শুরু করে সন্দ্বীপ চ্যানেলের জোড়াবয়া এলাকায় যায়। সেখান থেকে সিমেন্ট লোড করে অধিক মুনাফার আশায় **মায়ানমার**ের সীতা এলাকায় পাচারের উদ্দেশ্যে রওনা দেয়।

পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরওয়ার্ড বেস সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে নৌবাহিনীর একাধিক অভিযান পরিচালিত হয়েছে, যেখানে অবৈধ পণ্য ও সন্দেহভাজন চোরাকারবারিদের আটক করা হয়। সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখা, শুল্ক ফাঁকি, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নৌবাহিনীর টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Inga kommentarer hittades


News Card Generator