কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কুতুবদিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে কুতুবদিয়া থানাধীন দক্ষিণ অমজাখালী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পক্ষের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ ফরিদ আলম (৫০) ও তার দুই ছেলে আতিক (২২) ও বাচ্চু মিয়া (২০) ধারালো দা ও লোহার রড দিয়ে হামলা চালায়। এতে ভুক্তভোগী তৌহিদুল করিমের পিতা ছৈয়দ আলম গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত ছৈয়দ আলমকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,“ঘটনাটি আমরা অভিযোগ হিসেবে পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দীন সুজা জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এলাকায় দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল বলে শুনেছি। আমরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি।”



















