যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে বিষপান করে জান্নাতুল (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জান্নাতুল উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী এবং একই এলাকার বাবুল শেখের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সকালে স্বামী ফিরোজ হোসেনের সাথে পারিবারিক বিষয় নিয়ে জান্নাতুলের ঝগড়া হয়। এরই একপর্যায়ে তিনি সবার অগোচরে ঘাস মারা বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে স্বামী ও স্বজনরা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে অবস্থার আরও অবনতি হওয়ায় গত ৫ ফেব্রুয়ারি জান্নাতুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চৌগাছা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ভিকটিমের পরিবার সন্ধ্যায় থানায় এসে মৃত্যুর বিষয়টি অবগত করেছেন। বর্তমানে নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















