(ঝালকাঠি) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝালকাঠির রাজাপুরে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী মনোনীত ও জোট সমর্থিত প্রার্থী ড. ফয়জুল হকের সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকায় এক উৎসবমুখর নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।
মিছিল চলাকালে প্রার্থী ড. ফয়জুল হক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং নির্বাচনী প্রচারপত্র বিলি করেন। এ সময় তিনি এলাকার উন্নয়নে এবং ইনসাফ কায়েমে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এতে সমাপনী বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা সেক্রেটারি হাফিজুর রহমান। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হওয়ায় সাধারণ ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।



















