জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট জি এন্ড এ আলী হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জেরিন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত রচনার বিষয় ছিল “বাংলাদেশের উৎসব”। জেরিন তার লেখায় বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিগত উৎসবসমূহকে অত্যন্ত সাবলীল, তথ্যভিত্তিক ও সৃজনশীলভাবে উপস্থাপন করে বিচারকদের মনোযোগ আকর্ষণ করে।
জেরিন জানায়, এই সাফল্যে সে অত্যন্ত আনন্দিত। সে আরও জানায়, ভবিষ্যতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে আরও ভালো ফল করার লক্ষ্য রয়েছে তার। এজন্য সবার দোয়া কামনা করেছে সে।
তার এই সাফল্যে গর্বিত জেরিনের বাবা-মা। সন্তানের কৃতিত্বে তারা আনন্দ প্রকাশ করে বলেন, শিক্ষা ও সংস্কৃতির প্রতি আগ্রহই জেরিনকে এই পর্যায়ে নিয়ে এসেছে।
এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার শ্রেণি শিক্ষক মোফাজ্জল হোসেন। তিনি শিক্ষার্থীকে নিয়মিত সাহস ও দিকনির্দেশনা দিয়ে উৎসাহিত করেছেন। শিক্ষার্থীর এই সাফল্যে গর্ব প্রকাশ করে তিনি বলেন, একজন শিক্ষকের জন্য শিক্ষার্থীর কৃতিত্বই সবচেয়ে বড় প্রাপ্তি।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জেরিনের এই অর্জন ফরিদগঞ্জ উপজেলা ও চাঁদপুর জেলার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখা হচ্ছে। শিক্ষাঙ্গনে এমন সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















