বান্দরবানের লামায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬
মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬। এবারের প্রতিপাদ্য ছিল "জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান"।
দিবসটি উপলক্ষে রবিবার (২ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক প্রদক্ষিণ শেষে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম, ডা. দীপ্তি ত্রিপুরা, ডা. সাকিবুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন স্যানিটারি ইনস্পেক্টর খুকুমণি বড়ুয়া, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরণ বড়ুয়া, ফখরুল ইসলাম রাসেল, সিনিয়র স্টাফ নার্স নীলিমা রাণী দাশ, জুনিয়র নার্সবৃন্দ, সাংবাদিক নজরুল ইসলাম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনায় বক্তারা মাতৃদুগ্ধের উপকারিতা তুলে ধরে বলেন, মাতৃদুগ্ধ শিশুর শারীরিক ও মানসিক বিকাশ এবং মায়ের স্বাস্থ্য সুরক্ষায় অপরিহার্য। কর্মজীবী মায়েদের জন্য ব্রেস্ট পাম্প ব্যবহার ও কর্মস্থলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের পরামর্শ দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, প্রথম ছয় মাস শুধু মায়ের দুধই শিশুর জন্য যথেষ্ট এবং শিশুকে অবশ্যই কোলে নিয়ে দুধ খাওয়াতে হবে। মাতৃদুগ্ধই শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধের সবচেয়ে নিরাপদ উপায়।