বাজিতপুরে অবৈধ পেট্রোল পাম্পে বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৪..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
কিশোরগঞ্জে বাজিতপুর উপজেলার সরারচরে অবৈধ পেট্রোল পাম্পে বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৪..

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারে একটি অবৈধ পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ও একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুমানিক রাত ৩টার দিকে পেট্রোল আনলোডের সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পাম্পে সংরক্ষিত দাহ্য পেট্রোলের গ্যাস জমে আগুন লাগার পর সেখানে থাকা ১০ থেকে ১৫টি স্টিল ট্যাংক একের পর এক বিস্ফোরিত হয়। এতে আগুনের কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে এবং পুরো সরারচর বাজার এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দে বাজার ও আশপাশের এলাকার মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
আগুনে পেট্রোল পাম্পসহ অন্তত ৬ থেকে ১০টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
আগুন নেভাতে গিয়ে পেট্রোল পাম্পের মালিকের ছেলে মো. রাজিব ওরফে মিঠু (৩৫), মো. রিয়াদ (৪০), মো. হারুন (৪৫) ও মো. রহমত উল্লাহ (৪০) অগ্নিদগ্ধ হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্য মশিউরও আহত হন।
খবর পেয়ে বাজিতপুর, কটিয়াদি, কুলিয়ারচর, নিকলী ও কিশোরগঞ্জ সদর থেকে ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল পরিদর্শন করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ ও সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সিদ্দিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তিনি বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা পেট্রোল আনলোডের সময় সৃষ্ট আগুন থেকেই ফুয়েল ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator