সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২
এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লং ভেহিকেলের পেছনে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার ফকিরহাট গরুর বাজারের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিল বিএসআরএম কোম্পানির একটি লং ভেহিকেল। এ সময় পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ও বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় বাসযাত্রী সুভাষীষ, সুলতান আরা, আরমান ও রাকিবুল গুরুতর আহত হন। এ ছাড়া অপুসহ আরও ৭ থেকে ৮ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর উভয় গাড়ির চালক ও সহকারীরা গাড়ি দুটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির রাত্রীকালীন মোবাইল ডিউটি দলের ইনচার্জ এসআই মো. জিয়া উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজন ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও লং ভেহিকেলটি জব্দ করে হেফাজতে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
App «Eye News BD»
Comentarios 0