শাহাদাত হোসেন মুন্সী, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়ায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) ও তার ভাতিজা জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের কুড়ালিয়া এলাকায় একটি চেকপোস্টে ১০ যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আরাফাতের মোবাইল ফোনে একটি পিস্তলের ছবি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদের এবং শখের বশে সেটি হাতে নিয়ে ছবি তুলেছিল।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৬টার দিকে কচুয়া থানা পুলিশের সহযোগিতায় নাহিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে পিস্তল ও গুলিসহ নাহিদ ও আরাফাতকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় চেকপোস্টে আটক অপর ১০ যুবকও পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদ সূত্র: পুলিশ।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0