সাতক্ষীরায় জেলি পুশ করে চিংড়ি মাছের ওজন বাড়িয়ে পাচারের চেষ্টার অভিযোগে সোহরাব হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৪ কার্টন জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সোহরাব হোসেন শহরের কুকরালি এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু জানান, জেলি পুশ করে চিংড়ির ওজন বাড়িয়ে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফিংড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাকে থাকা ১৪ কার্টন জেলি পুশকৃত চিংড়িসহ সোহরাব হোসেনকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
তিনি আরও জানান, জব্দ করা চিংড়ির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা। জনস্বাস্থ্য ও মৎস্যসম্পদের নিরাপত্তার স্বার্থে জব্দ করা জেলি পুশকৃত চিংড়িগুলো ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, চিংড়িতে জেলি পুশ করে ওজন বাড়ানোর অপচেষ্টা শুধু ভোক্তাদের সঙ্গে প্রতারণাই নয়, বরং নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রেও বড় বাধা। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
App «Eye News BD»
Comentarios 0