হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী-ধর্মঘর সড়কের শান্তিবাগ এলাকায় আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মোটরসাইকেলের গতিরোধ করে যাত্রীদের মারধর ও মালামাল লুট করে নিয়ে যায় একদল ডাকাত। এ ঘটনায় শরীফ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নির্জন সড়কে ডাকাত দল যাত্রীদের পথরোধ করে মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। এ সময় ধর্মঘর ইউনিয়নের মসকিরহাটি গ্রামের শরীফকে মারধর করে রক্তাক্ত করা হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, শান্তিবাগ এলাকায় প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে এ সড়কে চলাচলকারী যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব ঘটনায় কার্যকর নিরাপত্তাব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
তাদের দাবি, চৌমুহনী-ধর্মঘর সড়কের ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার এবং ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।
এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইখতার মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারা জড়িত, তা শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
Comments 0