মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পৃথক অভিযান চালিয়েছে জেলা প্রশাসন,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ভৈরব বাজার এলাকায় পরিচালিত এসব অভিযানে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে নানা অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে মহাদেব খই ভান্ডারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি,ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানা, অনুমোদনহীন রং ব্যবহার করে গজা ও নিমকি তৈরি,মেঝেতে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া প্রতিষ্ঠানটিতে ক্ষতিকর হাইড্রোজ সংরক্ষণ,হাইড্রোজ মিশ্রিত গুড় ব্যবহার,পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং খাদ্য উৎপাদনের অনুমোদন না থাকার বিষয়টিও শনাক্ত করা হয়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে,একই এলাকার দুধালয় মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইস আল রেজুয়ান। অভিযানে দইয়ের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা, দুধের কিছু প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন ও বিএসটিআইয়ের একজন পরিদর্শক উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ পরীক্ষাগার মোবাইল কোর্টকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
“Eye News BD”应用
注释 0