সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে দুজন সাবেক মন্ত্রী, একজন সাবেক সিটি মেয়র ও একজন সাবেক আমলার নাম উঠে এসেছে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে নাশকতায় নেতৃত্বদানকারী ও নেপথ্যে ভূমিকা রাখা আরও একাধিক সাবেক এমপি ও ছাত্রলীগ-যুবলীগ নেতার তথ্য গোয়েন্দাদের হাতে রয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সমর্থক কয়লা ব্যবসায়ীদের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে কয়লার গাড়িতে করে বিস্ফোরক দ্রব্য দেশে আনা হচ্ছে। এক্ষেত্রে বুড়িমারী, নাকুগাঁও, জাফলং, শমসেরনগর, কসবা ও আখাউড়া সীমান্ত এলাকা ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে এসব ককটেল তৈরি করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদরদপ্তরের এক বৈঠকে দেশের সব সীমান্ত জেলায় নজরদারি বৃদ্ধি, চলমান বিশেষ অভিযান জোরদার এবং নাশকতার মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে সাজা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0