সাতক্ষীরার তালায় বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নগরঘাটা এলাকার বরের পিতা মো. নুরুল ইসলাম (৪৫) এবং তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকার কনের পিতা শেখ সুমন (৩৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহল্লাপাড়া এলাকায় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বর ও তাঁর স্বজনেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে বাল্যবিয়ের আয়োজনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
'আই নিউজ বিডি' অ্যাপ
نظرات 0