মোঃ ইমরান মুন্সি,স্টাফ রিপোর্টার:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর চেঁচরী গ্রামের সিকদারহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী এলাকায় কোনো ধরনের অনুমোদন ছাড়াই সরকারি খাস জমি দখল করে পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করেছিলেন সুমি বেগম ও তাঁর সহযোগীরা। ওই জমি অবৈধ দখলের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে একটি মামলা (নম্বর: ০৪/২০২৬) করেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে গত ১ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনা বাস্তবায়নের জন্যই আজ এই অভিযান পরিচালনা করা হয়।
কাঠালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমি রানি বলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এছাড়া ভবিষ্যতে ওই জমিতে যাতে কেউ আবার নতুন করে দখল করতে না পারে, সেজন্য সেখানে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখার এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comentários 0