রোববার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আইনের ভাষায় পুনর্বিচারকে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়। একসময় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—এই তিন দেশেই এ ধরনের বিচারব্যবস্থার বিধান থাকলেও বর্তমানে তিন দেশেই তা রহিত করা হয়েছে। যে দেশ নিজেরাই এই প্রক্রিয়া অনুসরণ করে না, তারা কীভাবে অন্য একটি দেশকে পুনর্বিচারের পরামর্শ দেয়, তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি।
ভারতের অবস্থানের সমালোচনা করে চিফ প্রসিকিউটর প্রশ্ন তোলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করার শুরু থেকেই দেশটির সরকার বাংলাদেশের বিচারপ্রক্রিয়া সম্পর্কে অবগত ছিল। বিচার শুরুর সময় বা আপিলের নির্ধারিত সময়সীমার মধ্যে ভারত কেন তাঁকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে বা সময়মতো আপিল করতে পরামর্শ দেয়নি, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সব সময়সীমা পার হওয়ার পর এখন পুনর্বিচারের কথা বলা অযৌক্তিক।
আইনি কাঠামোর ব্যাখ্যা দিয়ে তিনি আরও জানান, ১৯৭৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করে এবং ২০১০ সালে এর বিধিমালা তৈরি হয়। বর্তমান সরকার আপিলের বিধানে কোনো পরিবর্তন আনেনি। ফলে বিদ্যমান আইন অনুযায়ী সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও পক্ষেই নতুন করে আপিল বা পুনর্বিচারের সুযোগ তৈরি করা সম্ভব নয়।
Application « Eye News BD »
commentaires 0