শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা :
অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সাময়িক খাদ্যসংকট মোকাবিলায় মানবিক উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে সুবিধাভোগীদের মাঝে রিকশা-ভ্যান ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে রিকশা-ভ্যান ও খাদ্যসামগ্রী তুলে দেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জ কাউসার আজিজ।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে একদিকে অসহায় মানুষের তাৎক্ষণিক খাদ্যসহায়তার চাহিদা পূরণে ভূমিকা রাখবে, অন্যদিকে রিকশা-ভ্যান পাওয়া ব্যক্তিরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মানবিক ও কর্মসংস্থানমূলক উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
জেলা প্রশাসন, সাতক্ষীরা জানিয়েছে, সাধারণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ, জীবনমান উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।