শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ও আওয়ামী মৎস্যজীবী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্য দুজন আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশাশুনির বাটরা গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে ওসমান গনি সরদার (৩৭), কচুয়া গ্রামের নাজিমউদ্দীনের ছেলে মনিরুজ্জামান ওরফে মনি এবং জেলেখালী গ্রামের আসাদুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, ওসমান গনি সরদার আশাশুনি থানায় দায়ের করা ২০২৬ সালের ২৩ জুনের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি। তিনি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার তথ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে, মনিরুজ্জামানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং জাহাঙ্গীর আলম একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।