যৌতুকের মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার দণ্ড, রায়ে সন্তুষ্ট স্ত্রী | আই নিউজ বিডি

যৌতুকের মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার দণ্ড, রায়ে সন্তুষ্ট স্ত্রী..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
যৌতুকের মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার দণ্ড, রায়ে সন্তুষ্ট স্ত্রী..
যৌতুকের মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার দণ্ড, রায়ে সন্তুষ্ট স্ত্রী..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বরগুনার তালতলী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে কারাদণ্ড..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা :

সাতক্ষীরায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বরগুনার তালতলী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি ধারায় তাঁকে মোট সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে আদালতের নির্দেশ অনুযায়ী উভয় ধারার সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাঁকে মোট পাঁচ বছর কারাভোগ করতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম (৫০) ও মামলার বাদী তাঁর স্ত্রী তানিয়া আফরিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ঝিনাইদহ জেলা সদরের হরিধানী প্রতাপপুর গ্রামের আফছার আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২২ মার্চ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের ঠিকাদার আব্দুল মজিদের মেয়ে তানিয়া আফরিনের সঙ্গে তৎকালীন কালিগঞ্জ থানার উপপরিদর্শক রফিকুল ইসলামের বিয়ে হয়। তিন লাখ টাকা দেনমোহরে অনুষ্ঠিত ওই বিয়ের আগে কনের পরিবারের কাছ থেকে ১৩ লাখ টাকা এবং বিয়ের পর আরও পাঁচ লাখ টাকা যৌতুক নেন রফিকুল।

পরবর্তীতে পদোন্নতি পেয়ে ২০২০ সালে বরগুনার তালতলী থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন রফিকুল। ওই সময় তাঁদের বসবাস ছিল ঢাকার উত্তরায়। অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ১০ ডিসেম্বর ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে উত্তরার বাসায় স্ত্রী তানিয়া আফরিনকে নির্যাতন করে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন রফিকুল ও তাঁর পরিবারের সদস্যরা।

এরপর একই বছরের ২৫ ডিসেম্বর পূর্ব নারায়ণপুর গ্রামের শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে বাড়ির নিচতলায় ডেকে মারধর করেন রফিকুল। এতে আহত তানিয়াকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২০২১ সালের ১০ জানুয়ারি তানিয়া আফরিন বাদী হয়ে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। পিটিশন-২৯/২১ নম্বরের ওই মামলায় স্বামী রফিকুল ইসলাম, শাশুড়ি রাহেলা খাতুন, দেবর সাইফুল ও দেবরের স্ত্রী নাহারকে আসামি করা হয়।

মামলার প্রাথমিক পর্যায়ে বিচারক এমজি আযম রফিকুল ইসলামের বিরুদ্ধেছেন গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। ২০২২ সালের ৩ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। প্রায় এক মাস ১৮ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। এ ঘটনায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরবর্তীতে মামলাটির বিচারিক কার্যক্রম শুরুও হয়। মামলার নথি, সাক্ষ্য-জবানবন্দি ও তিনজন সাক্ষীর জেরা পর্যালোচনা শেষে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করেন।

রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ২০০৩ সালের ১১(খ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১১(গ) ধারায় আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উভয় ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা। রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলমগীর আশরাফ এবং জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জহুরুল হক।

রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী তানিয়া আফরিন বলেন, “পুলিশ শুধু অন্যের দোষ দেখে। তারাও যে দোষ করে, তা আজকের রায়ে প্রমাণিত হয়েছে। এ রায়ে আমি খুশি। উচ্চ আদালতে এ রায় বহাল থাকলে আরও বেশি খুশি হব।”

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ বলেন, একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর কারাদণ্ড হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator