নলছিটিতে পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ ছাত্রলীগ নেতা ছিনতাই… | আই নিউজ বিডি

নলছিটিতে পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ ছাত্রলীগ নেতা ছিনতাই: গ্রেপ্তার ৭, মামলা দায়ের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নলছিটিতে পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ ছাত্রলীগ নেতা ছিনতাই: গ্রেপ্তার ৭, মামলা দায়ের..
নলছিটিতে পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ ছাত্রলীগ নেতা ছিনতাই: গ্রেপ্তার ৭, মামলা দায়ের..
ছবি: সংগৃহীত
****

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য সিরাজ মোল্লাকে আটকের পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) দুপুরে ঘটনার পর গভীর রাত পর্যন্ত উপজেলার দপদপিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নলছিটি থানা পুলিশ বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ এবং আরও ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা এবং শহিদুল ইসলাম (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, একাধিক পরোয়ানাভুক্ত আসামি এলাকায় অবস্থানের তথ্যের ভিত্তিতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ইউনিয়নের পুরনো ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করে হাতকড়া পরা নো হয়। এ সময় সিরাজের পরিবারের সদস্য ও সহযোগীরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং ধস্তাধস্তিতে লিপ্ত হয়।

হামলায় নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এক পর্যায়ে শতাধিক হামলাকারী পুলিশের সরকারি গাড়িতে ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ আটক সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর সিরাজ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনার পরপরই নলছিটি ও দপদপিয়া ফেরিঘাট এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে সিরাজের বাড়িসহ আশপাশের কয়েকটি স্থানে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সাতজনকে গ্রেপ্তার করে ডিবি ও থানা পুলিশ।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি সিরাজ মোল্লাসহ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে।

Nenhum comentário encontrado


News Card Generator