সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক নানা বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমিও বিষয়টি শুনেছি এবং বিভিন্ন স্ক্রল নিউজে দেখেছি যে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা তার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এখনো এর সত্যতা আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে সার্বিক খোঁজখবর নিচ্ছে।"
তিনি আরও স্পষ্ট করেন, "এই আবেদনের আইনি ভিত্তি কী রয়েছে, আসলেই আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না কিংবা একজন দণ্ডপ্রাপ্ত আসামির এই আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না—এসব বিষয় সম্পর্কিত যাবতীয় আইন-কানুন খতিয়ে দেখে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"
প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "প্রাথমিক দৃষ্টিকোণ (Prima facie case) থেকে বলতে পারি, কোনো দণ্ডপ্রাপ্ত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সাথে আমাদের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে, যাতে তাকে আইন অনুযায়ী বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়।"
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পতিত স্বৈরাচারী শক্তি দেশে অস্থিতিশীলতা ও অস্থিরতা তৈরির চক্রান্ত হিসেবে মাঝে মাঝে কিছু গণপরিবহন ও স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপতৎপরতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং প্রতিরোধ গড়ে তুলছে।"