গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত তৌফিকের মৃত্যু, মরদেহ পৌঁছাল… | আই নিউজ বিডি

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত তৌফিকের মৃত্যু, মরদেহ পৌঁছাল গ্রামের বাড়িতে..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত তৌফিকের মৃত্যু, মরদেহ পৌঁছাল গ্রামের বাড়িতে..
গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত তৌফিকের মৃত্যু, মরদেহ পৌঁছাল গ্রামের বাড়িতে..
ছবি: সংগৃহীত
****

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত তৌফিক শেখ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাঁর মরদেহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাড়িতে পৌঁছায়।

এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় নিজ গ্রামে তৌফিকের জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিনশিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তৌফিক শেখ ছয়ঘরিয়া গ্রামের মৃত তবিবর রহমান তবির ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জীবিকার তাগিদে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্বজন ও এলাকাবাসী জানান, বাবার মৃত্যুর পর জীবিকার প্রয়োজনে এক বন্ধুর মাধ্যমে পোশাক কারখানায় চাকরি নেন তৌফিক। গাজীপুরের বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। গত কয়েক দিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছিল। ওই আন্দোলনে সক্রিয় ছিলেন তৌফিক।

তৌফিকের বড় ভাই হারুন মিয়া জানান, গত সোমবার আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আন্দোলনরত শ্রমিকরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হারুন মিয়া।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। বুধবার তাঁর দাফন সম্পন্ন হবে।

Nessun commento trovato


News Card Generator