তাহসিফের সঙ্গে বারে যাওয়া তরুণী দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর | আই নিউজ বিডি

তাহসিফের সঙ্গে বারে যাওয়া তরুণী দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তাহসিফের সঙ্গে বারে যাওয়া তরুণী দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর..
তাহসিফের সঙ্গে বারে যাওয়া তরুণী দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর..
ছবি: সংগৃহীত
****

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে থাকা তরুণী জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রিপন হোসেন এ আদেশ দেন। এর আগে দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও উত্তরা এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাহসিফের সঙ্গে দিশার চলাফেরার তথ্য পাওয়া গেছে। গত ২৭ অক্টোবর রাতে তাঁরা উত্তরা এলাকার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। ওই দিন সন্ধ্যায় একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসেও তাঁদের দেখা যায়। এ ছাড়া একটি মোটরসাইকেল গ্যারেজেও তাহসিফের সঙ্গে দিশাকে দেখা গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

পুলিশের দাবি, তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে মোটরসাইকেলে ঘোরাঘুরি করেছিলেন দিশা। তাঁর মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করেও তাহসিফের সঙ্গে একাধিকবার কথা বলার তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, এ মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন। দিশা ও দীপের বক্তব্যের মধ্যে মিল-অমিল যাচাই করা প্রয়োজন। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দিশার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলেও দাবি করেছে পুলিশ।

দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়টি কারণ তুলে ধরেছে পুলিশ। সেগুলো হলো—তাহসিফ হত্যার রহস্য উদ্‌ঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, মামলার আলামত উদ্ধার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ, দিশা ও দীপের বক্তব্য যাচাই এবং দিশার দেওয়া বক্তব্যের সত্যতা পরীক্ষা করা।

রিমান্ড আবেদনে আরও আশঙ্কা প্রকাশ করা হয়, দিশা জামিনে মুক্তি পেলে পালিয়ে গিয়ে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যেভাবে উদ্ধার হয় তাহসিফের মরদেহ

গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন সাবেক নৌবাহিনী কর্মকর্তা তাহসিফ। পরিবারের দাবি, ওই দিন জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপের ফোন পেয়ে বাসা থেকে বের হন তিনি। পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানাধীন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মরদেহ উদ্ধারের আগের রাতে দীপের পাশাপাশি তাহসিফের সঙ্গে ছিলেন দিশাও। সোনারগাঁ জনপদের পাশের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের ফুটেজে রাত ১০টা ১৭ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত তাঁদের সেখানে অবস্থানের তথ্য পাওয়া যায়। তাঁরা একই মোটরসাইকেলে করে বারে আসেন এবং পরে সেটিতেই চলে যান।

তাহসিফের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হত্যা মামলা করেছেন। ওই মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি চার দিনের রিমান্ডে নৌ-পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় দীপের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

نظری یافت نشد


News Card Generator