ঢাকায় ৮ অঞ্চলে চলবে ৮ রঙের ই-রিকশা, অন্য অঞ্চলে চলাচল নিষিদ্ধ | আই নিউজ বিডি

ঢাকায় ৮ অঞ্চলে চলবে ৮ রঙের ই-রিকশা, অন্য অঞ্চলে চলাচল নিষিদ্ধ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকায় ৮ অঞ্চলে চলবে ৮ রঙের ই-রিকশা, অন্য অঞ্চলে চলাচল নিষিদ্ধ..
ঢাকায় ৮ অঞ্চলে চলবে ৮ রঙের ই-রিকশা, অন্য অঞ্চলে চলাচল নিষিদ্ধ..
ছবি: সংগৃহীত
****

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে ঢাকাকে আটটি অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি অঞ্চলের ই-রিকশার জন্য থাকবে আলাদা রং। এক অঞ্চলে নিবন্ধিত রিকশা অন্য অঞ্চলে চলাচল করতে পারবে না।

রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারটি করে মোট আটটি অঞ্চল করা হবে। প্রতিটি অঞ্চলের ই-রিকশার রং হবে আলাদা। কোন অঞ্চলে কতটি রিকশা চলবে, তা সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ আলোচনা করে নির্ধারণ করবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সোমবার (২ নভেম্বর) থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবে। তবে বিধিমালা প্রকাশের সঙ্গে সঙ্গে রাস্তায় চলাচলকারী সব ই-রিকশা সরিয়ে দেওয়া হবে না। পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া এবং অবৈধ ই-রিকশা অপসারণ করা হবে।

ই-রিকশার নিবন্ধনের সংখ্যায় আপাতত কোনো সীমা রাখা হয়নি জানিয়ে মীর শাহে আলম বলেন, নিবন্ধন পেতে বর্তমানে চলাচলকারী রিকশাগুলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত নকশা অনুযায়ী পরিবর্তন করতে হবে। সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ চলাচলের অঞ্চল, সড়ক, রং ও সংখ্যা চূড়ান্ত করবে।

তিনি আরও জানান, এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না।

এখনই বাধ্যতামূলক হচ্ছে না চালকের লাইসেন্স

নতুন বিধিমালায় ই-রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা থাকলেও আপাতত তা বাধ্যতামূলক করা হচ্ছে না। প্রাথমিকভাবে চালকদের পরিচয়পত্র দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে তাঁদের লাইসেন্সের আওতায় আনা হবে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একসঙ্গে লাখ লাখ চালক লাইসেন্স নিতে গেলে সেই চাপ সামাল দেওয়ার ক্ষেত্রে সিটি করপোরেশনগুলোর সীমাবদ্ধতা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা নিবন্ধনের প্রক্রিয়াটা আগে শুরু করি। নিবন্ধন প্রক্রিয়ার কিছুদূর এগিয়ে গেলে এটার জন্য আলাদা একটা প্রজ্ঞাপন জারি করে তখন ড্রাইভিং লাইসেন্সে যাব।’

প্রতিমন্ত্রী জানান, আপাতত রিকশার মালিকেরা চালকদের পরিচয়পত্র দেবেন। পরে পর্যায়ক্রমে তাঁদের লাইসেন্সের আওতায় আনা হবে।

Nema komentara


News Card Generator