জুলাই সনদের সরাসরি আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতা বেশি গুরুত্বপূর্ণ’ | আই নিউজ বিডি

জুলাই সনদের সরাসরি আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতা বেশি গুরুত্বপূর্ণ’..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জুলাই সনদের সরাসরি আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতা বেশি গুরুত্বপূর্ণ’..
জুলাই সনদের সরাসরি আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতা বেশি গুরুত্বপূর্ণ’..
ছবি: সংগৃহীত
****

‘অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সনদটি ঘিরে রাজনৈতিক সমঝোতাকে আইনি ভিত্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) জুলাই স্মৃতি জাদুঘরে আয়োজিত ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যে জুলাই জাতীয় সনদ প্রণীত হলো ইন্টেরিম গভর্নমেন্টের (অন্তর্বর্তীকালীন সরকার) সময়, তার কি কোনো আইনি ভিত্তি আছে? নাই। কিন্তু এই রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চেয়েও বেশি।’

সনদের আইনি স্বীকৃতি নিয়ে বিতর্কের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ এই সনদ চায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের শেষ দিকে সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। তখন বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে আসার প্রয়োজন দেখা দেয়।

তিনি বলেন, সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সে সময় নানা ধরনের আলোচনা হয়েছিল। তখন সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে কেউ এতে রাজি হননি। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলে আদালতও এ দায়িত্ব নিতে চাননি। আদালতের পক্ষ থেকে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু হিসেবে উল্লেখ করে রাজনৈতিকভাবেই সমাধানের পরামর্শ দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর যেন কোনো জুলাই জাদুঘর তৈরি করতে না হয়, সে জন্য রাজনৈতিক ঐক্য ও বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে হবে। এ জন্য রাজনৈতিক ঐক্যই সবচেয়ে বেশি প্রয়োজন।’

সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করা হবে। এ বিষয়ে রাজনৈতিক আলোচনার প্রয়োজন রয়েছে। তবে লংমার্চের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচারকার্য পরিচালনায় বিচারকেরা যথেষ্ট স্বাধীন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। দেশ ও জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।

তিনি আরও বলেন, বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় বিশ্বাস করে সরকার। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অনেক সংকট এড়ানো সম্ভব। রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

لم يتم العثور على تعليقات


News Card Generator