দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য | আই নিউজ বিডি

দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য..
দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য..
ছবি: সংগৃহীত
****

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর ব্যবসায়িক অংশীদার শাহরিয়ার রেজা দ্বীপের দেওয়া বক্তব্যে অসংগতি পেয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে দ্বীপ একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) এনায়েত হোসেন মান্নান।

তিনি বলেন, দ্বীপ জানিয়েছেন, ঘটনাস্থলে অন্ধকারের মধ্যে দুজনকে দেখে তাঁরা পুলিশ মনে করে দৌড় দেন। এরপর তিনি তাহসিফকে হারিয়ে ফেলেন। তবে তাঁদের কেউ ধাওয়া করেনি। দ্বীপ একেক সময় একেক কথা বলছেন। তাঁর এসব দাবি যাচাই করে দেখা হচ্ছে।

পিবিআই সূত্র জানায়, দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গীর মাজার বস্তির হোন্ডা গলি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দ্বীপ নিজেই মোটরসাইকেলটি নিখোঁজ তাহসিফের বলে শনাক্ত করেছেন। পরে তাঁকে সঙ্গে নিয়ে টঙ্গীসংলগ্ন তুরাগ নদ এলাকায় অভিযান চালায় পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রযুক্তির সহায়তায় দ্বীপের সর্বশেষ অবস্থান টঙ্গীর মাজার বস্তি এলাকায় শনাক্ত করা হয়। এরপর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেন, তাঁরা রাজধানীর উত্তরখানে নয়, মূলত মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে মোটরসাইকেল রেখে তুরাগ নদের পাড়ে যান। পরে তিনি তাহসিফকে পেছনে রেখেই সেখান থেকে বাসায় ফিরে আসেন।

দ্বীপের দেওয়া এসব তথ্যের ভিত্তিতে পিবিআইয়ের ধারণা, টঙ্গীর মাজার বস্তিসংলগ্ন তুরাগ নদের পাড়েই তাহসিফের মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাঁরা কেন এবং কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। ওই দিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাকে মোবাইল ফোনে বার্তা দিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি।

পরদিন বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

নৌ পুলিশের প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, নদ থেকে উদ্ধারের সময় তাহসিফের দুই হাত সামনের দিকে বাঁকা এবং পেট ফোলা অবস্থায় ছিল। তাঁর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে শরীরের অন্য কোথাও স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে স্বজনেরা উপস্থিত থেকে মরদেহ শনাক্ত করেন।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পিবিআই জানিয়েছে, দ্বীপের দেওয়া বক্তব্য ও অন্যান্য তথ্য যাচাই করে দেখা হচ্ছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator