নান্দাইলে রাতের আঁধারে রাস্তার সব ইট তুলে নেওয়ার অভিযোগ | আই নিউজ বিডি

নান্দাইলে রাতের আঁধারে রাস্তার সব ইট তুলে নেওয়ার অভিযোগ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নান্দাইলে রাতের আঁধারে রাস্তার সব ইট তুলে নেওয়ার অভিযোগ
নান্দাইলে রাতের আঁধারে রাস্তার সব ইট তুলে নেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত
****

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নে রাতের আঁধারে সদ্য নির্মিত রাস্তা থেকে ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল-হোসেনপুর পাকা সড়কের রাজাবাড়িয়া বাজারের পশ্চিম পাশে রয়েছে হালিউড়া দক্ষিণ ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা। পাকা সড়ক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত প্রতিষ্ঠানটিতে যাতায়াতের কাঁচা রাস্তাটি বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে দুই মাস আগে ২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে রাস্তাটিতে ইট বিছানোর কাজ শুরু হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের তদারকিতে কাজ শুরু হলে স্থানীয় মৃত আব্দুল হামিদের ছেলে বাহার উদ্দিন ও জামাল উদ্দিনসহ কয়েকজন এতে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। বাড়ির গোয়ালঘরের সামনে দিয়ে রাস্তা নির্মাণ করতে দেওয়া হবে না—এমন দাবি তুলে তারা আদালতের দ্বারস্থ হন। পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বিরোধের মীমাংসা হলে রাস্তার কাজ সম্পন্ন হয়।

অভিযোগ অনুযায়ী, গত বুধবার গভীর রাতে কে বা কারা রাস্তার দুই পাশে সামান্য কিছু ইট রেখে বাকি ইটগুলো তুলে নিয়ে যায়।

কাজটির সভাপতি জুম্মন ভূঁইয়া বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশে জনকল্যাণের স্বার্থে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণকাজে বাধা দেওয়া ব্যক্তিরাই ইট তুলে নেওয়ার ঘটনায় জড়িত বলে তিনি দাবি করেন। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কদ্দুছ ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া উচিত।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, চাল বিক্রির অর্থ দিয়ে বাস্তবায়িত এ রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator