শাকিল হত্যা মামলা: তিন দিনের রিমান্ড শেষে কারাগারে এমপির ছেলে মিন্টু | আই নিউজ বিডি

শাকিল হত্যা মামলা: তিন দিনের রিমান্ড শেষে কারাগারে এমপির ছেলে মিন্টু..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শাকিল হত্যা মামলা: তিন দিনের রিমান্ড শেষে কারাগারে এমপির ছেলে মিন্টু..
শাকিল হত্যা মামলা: তিন দিনের রিমান্ড শেষে কারাগারে এমপির ছেলে মিন্টু..
ছবি: সংগৃহীত
****

 

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তাঁকে বড়াইগ্রাম আমলী আদালতে হাজির করা হলে বিচারক তৌহিদুল ইসলাম সুমন এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি জানান, শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার মিন্টুকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। শুক্রবার রিমান্ড শেষ হলে তাঁকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণ করলেও শুনানি না করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে রিমান্ড আবেদনের শুনানির জন্য কোনো তারিখ ধার্য করা হয়নি।

ডিবি কর্মকর্তা আরও জানান, মিন্টু রিমান্ডে থাকাকালে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শুক্রবার ভোর ৩টার দিকে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫) নামে আরও দুজনকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২)। হামলাকারীরা তাঁকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল ইসলাম থানায় মামলা করেন।

শাকিলের পারিবারিক সূত্র জানায়, হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই দিন রাত ১০টার দিকে সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। এদিকে মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

শাকিলের জানাজা শেষে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আমেরিকাপ্রবাসী রাসেলের একটি শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় জনরোষের মুখে পড়েন সংসদ সদস্য আবদুল আজিজ।

এরপর বুধবার সকাল থেকে তাঁর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নাটোর জেলা বিএনপি।

এ বিষয়ে সংসদ সদস্য আবদুল আজিজ বলেন, তাঁর ও তাঁর সন্তানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

এদিকে বৃহস্পতিবার বিকেলে নিহত শাকিলের গুরুদাসপুর পৌরসভার খোয়ারপাড়া খামারনাচকৈড় এলাকার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব। তাঁরা অপরাধী যে-ই হোক, সঠিক বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator