মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ১০৪ বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের নতুন টিলা এলাকায় এ অভিযান চালানো হয়। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল একটি বস্তার ভেতর থেকে এসব সিরাপ উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মজুত ও বিক্রির খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্তোষ তাঁতী (৩৫), শুভ পানিকা (২৫) ও প্রশান্ত তাঁতী (২২) পালিয়ে যান। পরে তাঁদের বসতবাড়ির সংলগ্ন এলাকা থেকে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।