ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, বাতাসের গতিবেগ ১৩৫ কিমি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, বাতাসের গতিবেগ ১৩৫ কিমি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, বাতাসের গতিবেগ ১৩৫ কিমি..
ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, বাতাসের গতিবেগ ১৩৫ কিমি..
ছবি: সংগৃহীত
****

ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে বাতাস ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে গাছপালা ভেঙে পড়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। ঝড়ের সম্ভাব্য গতিপথে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ বসবাস করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় অন্ধ্র প্রদেশ ও ওড়িশা রাজ্য থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বিমান ও ট্রেন চলাচল বাতিল এবং কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অন্ধ্র প্রদেশের কাকিনাড়া জেলার এক বাসিন্দা পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, ‘কার বাড়িতে যে পানি কখন ঢুকে পড়বে কিংবা কার ঘর যে ডুবে যাবে, তা কেউ জানত না।’

জলোচ্ছ্বাস ও বন্যার আশঙ্কা

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে দেড় মিটার পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এতে অন্ধ্র প্রদেশের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টির তীব্রতা কিছুটা কমলেও উপকূলে আঘাত হানার সময় এটি অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছিল।

নেপালে পর্যটকদের জন্য সতর্কতা

ঘূর্ণিঝড়টির প্রভাবে প্রতিবেশী দেশ নেপালেও ভারী বৃষ্টিপাত, তুষারঝড় ও তুষারধসের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটকদের উচ্চ পার্বত্য এলাকায় প্রবেশ না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিন দিনের জন্য ট্রেকিং পারমিট দেওয়া স্থগিত রাখা হয়েছে। বর্তমানে নেপালে হাইকিংয়ের মৌসুম চলছে, এ সময়ে প্রতিদিন প্রায় ৭৫০ জন পর্যটক ট্রেকিং পারমিট পেয়ে থাকেন।

শ্রীলঙ্কায়ও সতর্কতা জারি

ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্রীলঙ্কাতেও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

সূত্র: আল জাজিরা ও রয়টার্স

Nessun commento trovato


News Card Generator