সাতক্ষীরার নগর উন্নয়নে সুবিধাবঞ্চিত মানুষের অধিকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরার নগর উন্নয়নে সুবিধাবঞ্চিত মানুষের অধিকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরার নগর উন্নয়নে সুবিধাবঞ্চিত মানুষের অধিকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান..
সাতক্ষীরার নগর উন্নয়নে সুবিধাবঞ্চিত মানুষের অধিকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান..
ছবি: সংগৃহীত
নগরকে সুন্দর, বাসযোগ্য ও আধুনিক হিসেবে গড়ে তুলতে যাঁরা প্রতিনিয়ত শ্রম দিচ্ছেন, সেই শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষকে বস্তিবাসী হিসেবে অবহেলা না করে পরিকল্পিত আবাসন ব্যবস্থার আওতায় আনার দাবি জানিয়েছেন না..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

নগরকে সুন্দর, বাসযোগ্য ও আধুনিক হিসেবে গড়ে তুলতে যাঁরা প্রতিনিয়ত শ্রম দিচ্ছেন, সেই শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষকে বস্তিবাসী হিসেবে অবহেলা না করে পরিকল্পিত আবাসন ব্যবস্থার আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, নগর উন্নয়ন পরিকল্পনায় সব শ্রেণি-পেশার মানুষের অধিকার, নিরাপদ বাসস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। অন্যথায় টেকসই ও জনবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্য অর্জন সম্ভব হবে না।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে বিশ্ব নগর দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল—‘শহরের পুনরুজ্জীবন: সবার জন্য পর্যাপ্ত আবাসন’।

মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলী নূর খান বাবুল, লেখক সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, গ্রিন কোয়ালিশনের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য জ্যোতি সরকার, ইমতি জামিল প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাধব চন্দ্র দত্ত বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানকার অনেক মানুষ এখনো প্রয়োজনীয় নগরসুবিধা থেকে বঞ্চিত। নগরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের সময় সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও আবাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি বস্তিবাসীর জন্য পর্যাপ্ত ও নিরাপদ আবাসন নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, একটি শহরের উন্নয়ন শুধু রাস্তাঘাট, অবকাঠামো কিংবা সৌন্দর্যবর্ধনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। নগরে বসবাসরত প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন, মৌলিক অধিকার সংরক্ষণ এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলী নূর খান বাবুল বলেন, সাতক্ষীরা পৌরসভাকে আরও সুন্দর, আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তুলতে এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ জন্য আগামী ১০০ বছরের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন। পরিকল্পিত আবাসন, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং নাগরিক সুযোগ-সুবিধার সমন্বয় ঘটাতে না পারলে ভবিষ্যতে শহরের পরিস্থিতি আরও জটিল ও ভয়াবহ হয়ে উঠতে পারে।

বক্তারা বলেন, নগরের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড সচল রাখতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। অথচ তাঁদের অনেকেই নিরাপদ আবাসন ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থাকেন। নগর উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে তাঁদের আবাসন সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।

তাঁরা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ, আবাসনসংকট ও নাগরিক সুবিধার অসম বণ্টন একটি শহরের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। তাই নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আবাসনব্যবস্থা গড়ে তুলতে হবে।

মানববন্ধন থেকে সাতক্ষীরা শহরের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, সুবিধাবঞ্চিত মানুষের আবাসন অধিকার নিশ্চিত করা এবং সবার জন্য নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator